
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে শেষ মুহূর্তের ব্যস্ততা। শুক্রবার কৌশিকী অমাবস্যায় ভিড় এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে মোতায়েন থাকবে দেড় হাজার পুলিশকর্মী।
ইতিমধ্যেই তারাপীঠে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি দেবী তারার আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সাজানো হয়েছে মন্দির চত্বর। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা দেবী তারার আবির্ভাব পান। এই তিথিতে কৌশিকী রূপে দেবী তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ-নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন।
সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। দেবী তারা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ।
