
জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতেই প্রায় ৪ মাস আটকে থাকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ করেছে বোর্ড। তবে অন্যান্যবারের মত সাংবাদিক বৈঠক করে নয়, ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হয়েছে মেধাতালিকা। ১০ জনের মেধাতালিকার প্রথমেই রয়েছেন পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী।
দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় হয়েছেন কলকাতা রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। পঞ্চম দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই। মেধা তালিকায় ষষ্ঠ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র। জয়েন্টের সপ্তম হয়েছেন বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। অষ্টম ও নবম স্থানে রয়েছেন খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী, রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা এবং দশম হয়েছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়। এবছর ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড।
তারপরেই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ওই মামলায় হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই ফলপ্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলো আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে ছাত্রছাত্রীরা।
