
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও দৌড় থামাননি লুকা মদরিচ। উল্টো নতুন চ্যালেঞ্জ নিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে নাম লিখিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি।সিরি আ-তে অভিষেকও হয়েছে মদরিচের।
তবে জয়ে এসি মিলানের অভিষেক রাঙাতে পারেননি। ২-১ গোলে ক্রেমোনেসের কাছে হেরেছে তার দল। মিলানের অধ্যায়টা জয়ে শুরু করতে না পারলেও একটা রেকর্ড গড়েছেন একবারের ব্যালন ডি’অর জয়ী।সিরি আ-য় অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন মদরিচ। মাঠে নামার সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর ১১ মাস।আগের রেকর্ডটি ছিল এম্পোলির গোলরক্ষক মাওরিসিউ পুগলিয়েসির। ২০১৬ সালে ৩৯ বছর ৫ মাস বয়সে ইতালির শীর্ষ লিগে খেলতে নেমেছিলেন পুগলিয়েসি।২০১২ সালে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়ে টানা ১৩ সিজন খেলেন মদরিচ। লস ব্ল্যাংকোসদের বহু ম্যাচ ও ট্রফির সাক্ষী মিডফিল্ডার এক বছরের জন্য এসি মিলানে যোগ দেন।
উভয়পক্ষ চাইলে আরো এক বছর চুক্তি করতে পারবে তারা। গত বছরের ১৪ জুলাই চুক্তি হয় দু’ পক্ষের।
