
দিল্লিতে বছর ১৬ এর নাবালক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর ৩২-এর যুবক সুজিত মণ্ডলের। শুধু তাই নয়, সুজিতকে ধাক্কা মারার পর তাঁকে প্রায় ৬০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই বছর ১৬ এর চালক। নিহত সুজিত দিল্লির রাজা বিহারের বাসিন্দা।
বদলি শিল্প তালুকে একটি পাইপ কারখানায় কাজ করতেন তিনি। দিল্লির আউটার নর্থ ডিস্ট্রিক্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই যুবককে ধাক্কা মারছে লাল রঙের একটি গাড়ি। আহত ব্যক্তিকে সাহায্য করার পরিবর্তে ওই যুবককে প্রায় ৬০০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। অবশেষে নর্থ দিল্লি পওয়ারের পাঁচ নম্বর গেটের কাছে নিহত যুবককে ফেলে রেখে পালায় ওই নাবালক।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। পরে অভিযুক্ত নাবালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে। ধৃত নাবালকের দাবি, স্থানীয় মানুষের আক্রমণের ভয়েই এলাকা ছেড়ে পালায় সে।






