
ভোটের আগে কোমর বেঁধে প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়িয়েছে সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির। জনসভায় তাঁর এবং তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের আগে গত ২১ অগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেট্টি কাজাগম-র জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। অভিযোগ, উৎসাহী কয়েকজন র্যাম্পে উঠে পড়েন। তাঁদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। ২১ অগস্টের সমাবেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে টিভিকে প্রধান বিজয় র্যাম্পে হেটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র্যাম্প থেকে ছিটকে পড়তে।
অভিযোগ, বাউন্সাররা তাঁদের ঠেলে ফেলে দেন। র্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল। সেখান থেকে পড়ে গিয়ে জখম হন ওই ব্যক্তি। এর পরেই শরৎ কুমার নামের এক ব্যক্তি পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেছেন।







