
হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলিস একসময় দর্শকদের মাতিয়েছেন অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে। তবে সময়ের সঙ্গে তার জীবনে এসেছে বড় পরিবর্তন।২০২২ সালে অ্যাফেসিয়া রোগে ভুগে তিনি অভিনয় থেকে অবসর নেন।
আর ২০২৩ সালে চিকিৎসকেরা তার মধ্যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া শনাক্ত করেন।ধীরে ধীরে সব ভুলে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা।সম্প্রতি তার স্ত্রী এমা হেমিং উইলিস ব্রুসের স্বাস্থ্য অবস্থা নিয়ে কথা বলেছেন। গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে এমার লেখা নতুন বই দ্য আনএক্সপেক্টেড জার্নি নিয়ে একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। বইটির মাধ্যমে তিনি ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে চান।সাক্ষাৎকারে এমা বলেছেন, যখন প্রথম ডাক্তার তাকে রোগের নামটি জানান,তিনি একেবারেই কিছুই বুঝতে পারছিলেন না।এমনকি শব্দটির উচ্চারণও তাঁর কাছে কঠিন মনে হচ্ছিল। ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।তিনি আরো জানান, ব্রুস আসলে পুরোপুরি বুঝতে পারছিলেন না তার মস্তিষ্ক কিভাবে ধীরে ধীরে কাজ হারাচ্ছে।পরিবারের সঙ্গে কথা বলার ধরনও বদলে যাচ্ছিল।যে মানুষ সবসময় প্রাণবন্ত ও আড্ডাপ্রিয় ছিলেন, হঠাৎ করে চুপচাপ হয়ে গিয়েছিলেন।পারিবারিক অনুষ্ঠানে তিনি যেন দূরে সরে যেতেন, তার স্বভাবের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিলেন। এটি পরিবারের জন্য ছিল ভীতিকর ও কষ্টকর অভিজ্ঞতা।এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।এমার ভাষায়, আজ ব্রুসের সঙ্গে আমাদের আলাপচারিতা আগের মতো নয়। প্রতিদিন হয়তো ভালো থাকে না, তবে মাঝে মাঝে সে নিজেকে প্রকাশ করে। সে হয়তো অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু তার শৈশবের স্মৃতিগুলো ভেসে আসে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তার হাসি এখনো রয়ে গেছে।






