
ছত্তীশগড়ের বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করেছে ৩০ জন মাওবাদী। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে ছত্তীশগড় সরকার। এমনটাই জানিয়েছেন সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। বস্তার অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভাবে মাওবাদীদমন অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সমান্তরাল ভাবে মাওবাদীদের আত্মসমর্পণেরও সুযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে ছত্তীশগড়ের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজাপুর জেলা থেকে ৩০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। সরকারের পুনর্বাসন নীতি, আধিকারিকদের সাহসিকতা এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পের জন্যই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন। গত সপ্তাহে বস্তারেরই নারায়ণপুর জেলায় দুই মহিলা-সহ আট জন মাওবাদী আত্মসমর্পণ করেন।
তাঁদের মাথার মোট দাম ছিল ৩০ লক্ষ টাকা। তার আগে গত জুলাইয়ের শেষের দিকে বস্তারের পাঁচ জেলা মিলিয়ে ৬৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। ওই ৬৬ জনের মধ্যে ৪৯ জনের মাথার উপর মোট দাম ছিল ২ কোটি ২৭ লক্ষ টাকা।








