
প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল। এই খবরটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ।
প্যালেস্টাইনের গাজায় আকাশ থেকে চালানো হামলায় আবু উবাইদা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এখনও আবু উবাইদার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্রে খবর গাজা শহরের জনবহুল আল-রিমাল এলাকায় হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে।
রবিবার ইজরায়েল কাৎজ সতর্ক করে বলেছেন, গাজায় অভিযান তীব্রতর হলে উবাইদার আরও অনেক অপরাধী সঙ্গীকে লক্ষ্যবস্তু করা হবে। এর মাধ্যমে তিনি মূলত গাজা শহর দখলের জন্য ইজরায়েলের অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন।







