
ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পাঞ্জাবের আপ বিধায়ক হরমিত পাঠানমাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু অফিসারদের উপর গুলি চালিয়ে এবং এক পুলিশকর্মীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছেন হরমিত বলে অভিযোগ। জানা গিয়েছে, পাতিয়ালার সানৌরের আপ বিধায়ক হরমিত পাঠানমাজরাকে মঙ্গলবার সকালে কর্ণাল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারির পর তাঁকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময়েই ঘটেছে এই কাণ্ড। আচমকাই পাঠানমাজরা এবং তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ কর্মীরা পিছু হটলে অভিযুক্ত তাঁর সহযোগীদের সঙ্গে স্করপিও এসইউভি এবং ফরচুনারে চেপে পালিয়ে যান। পরে যদিও ফরচুনারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এখনও খোঁজ মেলেনি পলাতক হরমিত সিং পাঠানমাজরার।
সানৌরের আপ বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে। জিরাকপুরের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছেন, হরমিত সিং পাঠানমাজরা মিথ্যে কথা বলে তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। বিধায়কের যে বিবাহবিচ্ছেদ হয়নি তা তিনি ওই মহিলাকে জানাননি বলে দাবি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে যৌন অত্যাচার, হুমকি ও অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ করেছেন ওই মহিলা।
