অন্ধ্রপ্রদেশে তিন সন্তানকে আগুনে পুড়িয়ে আত্মঘাতী বাবা

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্বামী স্ত্রী অশান্তির জেরে অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলায় তিন সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গুট্টা ভেঙ্কটেশ্বরলু। অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলার পেড্ডাবোয়াপল্লি গ্রামের বাসিন্দা তিনি। সেখানে তাঁর একটি সার বিক্রির দোকান ছিল।
গত ৩০ অগাস্ট স্ত্রী দীপিকার সঙ্গে প্রচণ্ড ঝামেলার পর তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান। সিসিটিভিতে দেখা গেছে, গুট্টা তাঁর তিন সন্তানকে বাইকে করে শ্রীশৈলমের দিকে রওনা দেন। তাদের নাম হল, মোক্ষিতা, বর্ষিণী এবং শিবধর্ম। পুলিশ জানিয়েছে, ওই রাতেই গুট্টা সূর্যাতাণ্ডার কাছে গিয়ে প্রথমে ছোট দুই সন্তান বর্ষিণী ও শিবধর্মকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। তারপর বড় মেয়ে মোক্ষিতাকে খুন করেন। ভয়াবহ অপরাধ ঘটানোর পর তিনি আচমপেট থেকে কীটনাশক কিনে সেটি খেয়ে আত্মহত্যা করেন।
পরে ভেলদাণ্ডা মণ্ডলের বুরাকুস্তায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিভিন্ন এলাকা থেকে শিশুদের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। ইতিমধ্যে ভেলদাণ্ডা থানায় ভেঙ্কটেশ্বরলুর ভাই মল্লিকার্জুনা রাও অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।