মণিপুরের রাজ্যপালের সঙ্গে বৈঠকে বিজেপি নেতারা

0
87
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা-র সঙ্গে বৈঠক করেছেন সেরাজ্যের বিজেপি নেতারা। রবিবার এই বৈঠক হতেই সেই রাজ্যে আবার নতুন করে সরকার গঠন করার বিষয়ে জল্পনা জোরদার হয়েছে।
আগামী শনিবার, ১৩ সেপ্টেম্বর মণিপুরে আসার কথা প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, সে দিন ইম্ফলের কাংলা ফোর্টের পাশাপাশি হিংসা বিধ্বস্ত চুড়াচাঁদপুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর, প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতি এবং ব্যস্ততার মধ্যেই রবিবার ইম্ফলে রাজভবনে সেই রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে বৈঠক করেছেন মণিপুরের রাজ্যপাল। জানা গিয়েছে, ওই বৈঠকে ছিলেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, বিধানসভার স্পিকার থোকচোম সত্যব্রত সিং, বিজেপির রাজ্য সভাপতি এ সারদা দেবী।
বিজেপির বিভিন্ন বিধায়ক ছাড়াও মণিপুরের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংরাও ওই বৈঠকে ছিলেন বলে রাজভবন সূত্রে খবর। সেই সঙ্গেই এই বৈঠক সেই রাজ্যে আবার নতুন করে সরকার গঠন করার সম্ভাবনার জল্পনাকে উস্কে দিয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমে।