
দিল্লিতে অভিযান চালিয়ে একটি আন্তঃরাজ্য শিশু পাচারচক্রের হদিশ পেয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। শিশুপাচারে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ টি শিশুকেও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
সবকটি শিশুর বয়স ১ বছরের কম, এবং সকলেই সুস্থ আছে বলেই জানা যাচ্ছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই শিশুপাচার চক্রটি রাজধানী দিল্লি ও পাশের সবকটি রাজ্য জুড়ে জাল বিস্তার করেছিল। মূলত এদের লক্ষ্য ছিল গরিব ও অসহায় মানুষ। পরিবারের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে নামমাত্র মূল্য দিয়ে নবজাতক শিশু কিনে নিত পাচার চক্রের সদস্যরা। সুযোগ বুঝে নবজাতকদের চুরিও করত তাঁরা।
এমনকি বেশকিছু হাসপাতালের কর্মীদের সঙ্গেও এই চক্রের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সম্প্রতি একটি ৬ মাসের শিশু নিখোঁজ হয়ে যায়। ৪৮ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপরই শিশু পাচার চক্রের খোঁজে বৃহত্তর তদন্ত ও অভিযান শুরু হয়।






