
জয়নগরে ভাড়া বাড়িতে অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুরের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে বারুইপর পুলিশ জেলার এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে বিশাল পলিশবাহিনী হানা দেয়।
ওই বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জড়ো করা রয়েছে। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ওয়েলডিং মেশিন, প্রায় ২ কেজি গান পাউডার, একনলা বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ। পুলিশ যখন হানা দেয় তখন ও আগ্নেয়াস্ত্র তৈরি চলছিল। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা।
গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এদের মধ্যে একজন ফিরোজ গাজি পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত বলে জানা গিয়েছে। অপরজন ভবেন পাল দুষ্কৃতী কার্যকলাপে যুক্ত। এর পিছনে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
