
অবশেষে শনিবার সরকারি প্রকল্পের উদ্বোধনে হিংসাবিধ্বস্ত মণিপুরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী মোদীর এই সফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, এটা কোনও বড় ব্যাপার নয়।
মণিপুরের সমস্যাটি দীর্ঘদিন ধরেই চলছে। তাও ভালো যে তিনি এখন সেখানে যাচ্ছেন। পাশাপাশি এই প্রসঙ্গে তিনি ফের ভোট চুরির কথা ফিরিয়ে আনেন। কংগ্রেস সাংসদ বলেছেন এখন দেশের প্রধান সমস্যা হল ভোট চুরি।
উল্লেখ্য, ২০২৩ সালেই উত্তপ্ত মণিপুরে গিয়েছিলেন রাহুল। কিছু প্রকল্পের উদ্বোধন করতে উত্তর-পূর্বের রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী। মণিপুর সফরে ৮ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে চূড়াচাদপুরে ৭ হাজার ৩০০ কোটি টাকা এবং ইম্ফলে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি প্রকল্প।







