
বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
জানা গিয়েছে শুক্রবার দুপুরে নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে পাথর সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় খাদানে কাজ করছিলেন ৯ জন। আচমকা খাদানের একাংশে ধস নামে। হুড়মুড়িয়ে ধস নামায় প্রত্যেকেই চাপা পড়েন। অন্যান্য শ্রমিকরা পাথর সরিয়ে সবাইকে উদ্ধার করে খাদানের বাইরে নিয়ে আসে। কিন্তু ৫ জনের মৃত্যু হয়েছে ততক্ষণে। ৪ জনকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের। ২ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নলহাটি থানার পুলিশ। আর কোনও শ্রমিক চাপা পড়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।








