মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর বেলুনে আগুন, অল্পের জন্য রক্ষা

0
82
ছবি সৌজন্যে : এক্স
অল্পের জন্য বেলুন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শনিবার মান্দসৌরে হট এয়ার বেলুনের এক ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। আচমকাই তিনি বেলুনে থাকাকালীন তাতে আগুন ধরে যায়। দ্রুত তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ঠিক কেন আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মান্দসৌরের গান্ধীসাগর ফরেস্ট রিট্রিটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেই সময় তিনি হট এয়ার বেলুনে উঠেছিলেন। কিন্তু তীব্র বাতাসের কারণে বেলুনটি উড়তে পারেনি। আর তার মধ্যেই দেখা যায়, বেলুনের নীচের অংশে আগুন ধরে গিয়েছে। দ্রুত পদক্ষেপ করেন উপস্থিত কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী যে ট্রলিতে বসে ছিলেন তা নিরাপত্তা কর্মীরা শক্ত করে ধরে রেখেছিলেন, যাতে তিনি সম্পূর্ণ নিরাপদে থাকেন। উল্লেখ্য, শুক্রবার গান্ধীনগরের চম্বল নদীতীরে ক্রুজে চড়ে ছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেই সময় তিনি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসাও করেছিলেন। দাবি করেছিলেন, মধ্যপ্রদেশ ভবিষ্যতে পর্যটনের হটস্পট হয়ে উঠছে।