
ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৪ জন সংখ্যাগুরু সদস্য থাকতে পারবেন। রাজ্যের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ তিন জন। সোমবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাঁকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্টে আইনের এই অংশের ওপরও স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে। উল্লেখ্য, সংশোধিত আইনে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সম পদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ সংশোধিত আইনের আইনের তিন- এর আর অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে।
প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি এজি মসিহ-র বেঞ্চ জানিয়েছে, যত দিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয়, তত দিন কোনও তৃতীয় ব্যক্তিকে অন্য কারও বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না।
