
ওড়িশায় পুরীর এক ঝাউবনে ১৯ বছর বয়সি এক তরুণীকে একদল যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুরী জেলার ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক করা হয়েছে আরও একজনকে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েক জনের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার। পুরীর এক সমুদ্রসৈকতের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ১৯ বছর বয়সি এক কলেজছাত্রী। সেই সময়েই স্থানীয় একদল যুবক মোবাইলে তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে থাকেন। তাতে আপত্তি জানাতেই ঝামেলার সূত্রপাত। ওই যুগলের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ। প্রথমে তাঁরা তরুণীর বন্ধুকে মারধর করেন। তার পরে সমুদ্রসৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার দু’দিন পরে সোমবার সন্ধ্যায় স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ওই অভিযোগের পরে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার এবং এক জনকে আটক করেছে পুলিশ। পুরীর পুলিশ সুপার প্রতীক সিংহ বলেছেন, মানসিক ভাবে বিধ্বস্ত থাকার কারণে শুরুতে ওই অপরাধের বিবরণ দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন তরুণী।
তার পরে মহিলা পুলিশ আধিকারিকেরা তরুণীর সঙ্গে কথা বলেন। তাতে কিছুটা সাহস পান তরুণী এবং অভিযোগ দায়ের করেছেন।
