
দেরাদুনে মেঘভাঙা বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা টনস নদীতে তলিয়ে গিয়েছেন ১০ জন শ্রমিক। বাঁচাও বলে চিৎকার করছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। জলের স্রোতে ভেসে গিয়েছে শ্রমিক বোঝাই ট্র্যাক্টর। প্রশাসনের একটি সূত্র বলছে, ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকিদের খোঁজ চলছে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এস নিউজ। কেন ট্র্যাক্টরটি নদীর মাঝে গিয়ে পড়েছে, তা এখনও জানা যায়নি। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ট্র্যাক্টরে খননকারী শ্রমিকেরা ছিলেন। সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। দেরাদুন, মুসৌরী, মসূরী, মাল দেবতা এলাকায় ধসে পড়েছে বহু বাড়ি।







