
ফসল কাটার পর ন্যাড়া পোড়ানো নিয়ে কৃষকদের জেলে পুরে দেওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছেন, কয়েকজনকে জেলে ভরে দিলেই অন্যদের প্রতি তার একটা বার্তা যাবে।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে ফসল ঘরে তোলার পরে শস্যের গোড়া পোড়ানোর চল রয়েছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে এটি বেশি দেখা যায়। ফসল তুলে নেওয়ার পরে পরবর্তী শস্য রোপণের জন্য চাষের খেত পরিষ্কার করার এটি অন্যতম সহজ এবং সস্তা উপায়। ন্যাড়া পোড়ানোর ফলে রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকায় পরিবেশ দূষণ সম্পর্কে একটি মামলার শুনানিতে এই কঠিন বার্তা দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছেন, কৃষকরা সকলের মুখে অন্ন তুলে দেন ঠিকই, তাই বলে তার মানে এই নয় যে, তাঁরা পরিবেশ রক্ষা করবেন না।
আদালত বান্ধব অপরাজিতা সিংয়ের আনা একটি আর্জির শুনানিতে প্রধান বিচারপতি গাভাই এই মন্তব্য করেছেন। কৃষকদের জন্য জরিমানার ব্যবস্থা করছে না কেন প্রশাসন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, যদি পরিবেশ রক্ষার যথার্থ ইচ্ছে পাঞ্জাব সরকারের থাকত, তাহলে এত রাখঢাক কীসের?








