
ফুচকা খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় ৩৫ জন। এখনও বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে।
প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলেই এই ঘটনা। জানা গিয়েছে, অসুস্থরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ার বাসিন্দা। গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন এক বিক্রেতা। টের পেয়ে গ্রামের বহু মানুষই তাঁর দোকানে ভিড় করেন। কয়েকঘণ্টা পর থেকেই একে একে পেটের সমস্যা, বমি শুরু হয় অনেকের।
একেকজনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকঘণ্টার মধ্যেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে ৩৫ জনে।








