
মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, হাইড্রলিক সমস্যার কারণেই অবতরণ করতে হয়েছে।
দু’দিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ফেরার পথে কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন পাইলট। রানওয়ের ধারে জরুরি পরিষেবার কর্মীরা প্রস্তুত ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়াকে নিরাপদে মেরিন টু হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্টের হেলিকপ্টারে সামান্য হাইড্রলিক সমস্যা দেখা গিয়েছিল। তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি।
পরে তাঁর কপ্টার স্ট্যানসেড বিমানবন্দরে অবতরণ করেছে। উল্লেখ্য, লন্ডনে যাওয়ার পথেও বিপত্তি বেধেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানের একদম কাছে চলে এসেছিল স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান। অল্পের জন্য রক্ষা পেয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান।
