
মালদহে প্লাবিত ভুতনিতে ফের জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর নাম সুমন মণ্ডল।
বয়স আনুমানিক ২ বছর। বাঁধভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। জলের উপরেই মাচা করে ঘুমিয়ে ছিল পরিবার। মা-বাবা উঠে গেলেও শিশু ঘুমিয়ে ছিল। হঠাৎ করে শিশুটি বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যেই জলে ডুবে শিশুর মর্মান্তিক পরিণতি হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটলা এলাকায়। সন্তানকে জলে ডুবে থাকতে দেখে ছুটে এসে পরিবারের লোকজন একরত্তিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান। শিশুটির মৃত্য হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, ভুতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে যাওয়ার পর থেকে এনিয়ে তিন শিশু, কিশোরী এবং কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবারই প্লাবিত ভুতনিতে জলের তোড়ে তলিয়ে গিয়ে বছর ২১-এর এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত ওই যুবকের নাম রোজ সেখ। বুধবার ভুতনির মহেন্দ্র টোলা এলাকায় বন্যার জলে ডুবে ১২ বছরের কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নাম হেমাঙ্গিনী মণ্ডল।





