
ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানে হামলা করে, তাহলে ইসলামাবাদের পাশে থাকবে সৌদি আরব। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এই দাবি করেছেন।
শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে তাহলে সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কি না? জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হ্যাঁ, অবশ্যই। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। খোয়াজা আসিফ বলেছেন, তাঁদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়।
কোনও দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনও সুযোগ এখানে রাখা হয়নি। তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয়, তাহলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বক্তব্য ও শর্তগুলো এখনও প্রকাশ্যে আসেনি।
