
চারু মার্কেটের পরে এবার গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে যুবকের দেহ। মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় মানুষ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন। সেখানে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে পশ্চিম বন্দর থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্লাস্টিকে ঢেকে দেওয়া হয় ওই যুবকের দেহ। সেই ব্যাগের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ওই যুবকের মাথায় গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সকাল ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
