
পুরো ম্যাচে দাপট দেখাল বার্সেলোনা। প্রথমার্ধে জোড়া গোলের সুবাস ছড়ালেন ফেররান তরেস। তার একটি গোলে অবদান রাখা দানি ওলমো বিরতির পর নিজেও পেলেন গোলের দেখা। গেতাফেকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দু’ পয়েন্টে নামিয়ে আনল হান্সি ফ্লিকের দল।ইয়োহান ক্রুইস স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা।
লিগে শেষ দু’ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি গোল অক্ষত রাখল বার্সেলোনা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।চোটাক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়া টানা তৃতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে গেতাফেকে চেপে ধরে। পঞ্চদশ মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় তারা।রাফিনিয়ার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে শটে জালে পাঠান তরেস। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও গতির কাছে পরাস্ত হন।২৮ মিনিটে একটি সুযোগ পান রবের্ত লেভানদোভস্কি।তবে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার।৩৪ মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান তরেস।রাফিনিয়ার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
বিরতির আগে হ্যাটট্রিকও হয়ে যেতে পারত তরেসের। পেদ্রির থ্রু বল ধরে তার ডান পায়ের শট ক্রসবারে লাগে।৬০ মিনিটে তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে ফের্মিন লোপেস ও মার্ক কাসাদোকে নামান বার্সেলোনা কোচ ফ্লিক। এর দু’ মিনিট পর তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা।








