
শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। স্পাইডার-ম্যান, ব্র্যান্ড নিউ ডে সিনেমার সেটে স্টান্ট করার সময় দুর্ঘটনায় আঘাত পান তিনি।
এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভসডেন স্টুডিওতে সিনেমার দৃশ্য-র কাজ চলছিল। তখনই মাথায় আঘাত পান টম। ইস্টার্ন অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে,সকাল ১০টা ৩০ মিনিটে তাদের কাছে একটি ফোন আসে। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মাথায় আঘাত লাগার কারণে টমকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তার মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনভালশন হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টমকে তার বাবা ডমিনিক এবং বাগদত্তা জেনডায়ার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।এই আঘাতের ফলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টমের বাবা জানিয়েছেন, কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম। অন্যদিকে খবর, টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন।উল্লেখ্য আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে,স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার শুটিং শুরু হয়েছে।
টম হল্যান্ডের পাশাপাশি জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরোনো চরিত্রে দেখা যাবে।শোনা যাচ্ছে, এই পর্বে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে পুরোনো দিনের মতো সত্যিকারের স্টান্ট ব্যবহার করে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হবে।





