২৪ ঘণ্টা পরেও জলযন্ত্রণা কলকাতায়

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব
২৪ ঘণ্টা পরেও জলযন্ত্রণা অব্যাহত কলকাতার উত্তর থেকে দক্ষিণে। মঙ্গলবারের টানা দুর্যোগের পর বুধবার সকাল হতেই দেখা গেল, জল আগের তুলনায় কমলেও শহরবাসী জলযন্ত্রণা থেকে এখনও পুরোপুরি নিস্তার পেলেন না। কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে।
জল জমে থাকলেও মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে যে সব জায়গায় প্রায় হাঁটুসমান জল জমে ছিল, সেখানে এখন কোথাও গোড়ালিসমান, কোথাও বা তার চেয়ে কিছু বেশি জল জমে আছে। মঙ্গলবার রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। তার ফলে শহরের মূল সড়কগুলিতে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে গলিপথগুলিতে এখনও দুর্ভোগ অব্যাহত। বুধবার সকালে কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় বাজারের কাছে রাস্তার একটি অংশে এখনও কিছুটা জল জমে আছে। এ ছাড়া ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, নিউ গড়িয়া আবাসন, টেগোর পার্ক-সহ বিভিন্ন জায়গায় এখনও রাস্তায় জল জমে আছে।বালিগঞ্জ ফাঁড়িতে এখনও হাঁটুর কাছাকাছি জল জমে আছে।
এ ছাড়া পাটুলির একাংশ, গড়িয়া, নিউ গড়িয়া, সন্তোষপুর অ্যাভিনিউ, পার্ক সার্কাসের একাংশ, তপসিয়ার ভিতরের গলিপথ, বোসপুকুর তালবাগান এলাকা, আমহার্স্ট স্ট্রিট, নাগেরবাজারের একাংশ, বউবাজার, মহাত্মা গান্ধী রোড, মেটিয়াবুরুজের একাংশ, বরিশার একাংশ, সরসুনা এবং জোকায় এখনও জল জমে আছে। কাঁকুরগাছি আন্ডাসপাসে এখনও জল জমে আছে। এজেসি বোস রোড সংলগ্ন মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিটেও জল পুরোপুরি নামেনি। গড়িয়াহাট রোড আইটিআইয়ের কাছে বুধবার সকালেও জল জমে আছে।