সোনম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্ত

0
117
ছবি সৌজন্যে : এক্স

জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। নিয়ম বহির্ভূতভাবে বিদেশ থেকে আর্থিক অনুদান নেওয়ার পাশাপাশি, তাঁর পাকিস্তান সফর নিয়েও তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা।

রাজ্যের স্বীকৃতির দাবিতে লাগাতার আন্দোলন চলছে লাদাখে। একটানা অনশন চালিয়ে যাচ্ছিলেন খোদ সোনমও। একদিন আগে হঠাৎই সেই শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে। লেহ-তে বিজেপি-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। আগুন ধরানো হয় পুলিশের গাড়িতেও। খণ্ডযুদ্ধে প্রাণ হারান চার জন। আহত হন প্রায় ৮০ জন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোনমের সংস্থা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টার্নেটিভেস লাদাখ-র আর্থিক অনুদান নিয়ে মাস দুয়েক আগেই তদন্ত শুরু হয়েছিল বলে দাবি করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি।

সোনম জানিয়েছেন, ১০ দিন আগে সিবিআই-এর একটি দল তাঁর কাছে হাজির হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ দেখিয়ে জানায়, বিদেশি অনুদান আইন লঙ্ঘিত হয়েছে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সোনম কেন পাকিস্তান গিয়েছিলেন, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।