
মা ও তিন মেয়ে-সহ একই পরিবারের চার জনের রহস্যমৃত্যু হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের লতাপাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি খাদ্যে বিষক্রিয়ায় এই পরিণতি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের নাম পিয়া গড়াই, বৈশাখী গড়াই, পল্লবী গড়াই, সৌরভি গড়াই। স্বামী সন্তানদের নিয়ে পিয়া গড়াই পুরুলিয়ার বান্দোয়ানে থাকতেন। জানা গিয়েছে মৃত পিয়ার স্বামী আনন্দ গড়াই বৃহস্পতিবার বেশ কয়েকটি কাজ নিয়ে ঝাড়খন্ডের হাটে যান। ফিরে এসে দেখেন স্ত্রী ও সন্তানরা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মৃত চার জনই পকড়ি-মুড়ি খেয়ে ঘুমিযেছিলেন।
খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। একসঙ্গে পরিবারের ৪ সদস্যদের মৃত্যুতে শোকস্তব্ধ প্রিয়জন ও প্রতিবেশীরা।
