নিয়োগ দুর্নীতির শেষ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন

0
92
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।

শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে বিচারপতি নির্দেশ দিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। জামিন পেলেও পুজোর আগেই কেন জেল থেকে ছাড়া পাবেন না পার্থ? নেপথ্যে রয়েছে শীর্ষ আদালতের একটি নির্দেশ। যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, সেগুলিতে চার্জ গঠন করতে হবে। সাক্ষীদের বয়ান শেষ করতে হবে। ফলে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

বর্তমানে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআইও।