
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে জয়ের পর ভারতকে অভিনন্দন না জানানোয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের প্রিয় বন্ধু বলে খোঁচা দিয়েছেন।
কংগ্রেস ভারতের জাতীয় স্বার্থের বিরোধী বলেও অভিযোগ তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিজেপি নেতা লিখেছেন, একদিকে পাকিস্তানকে খেলার যুদ্ধক্ষেত্রে পরাস্ত করার পর ভারতীয় ক্রিকেট দলকে এখনও অভিনন্দন জানানি রাহুল গান্ধী। অন্যদিকে, যখন পাকিস্তান সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে গেছে, তখন দেখবেন কংগ্রেস নেতারা পাকিস্তানের বিরুদ্ধে খেলোয়াড়সুলভ মনোভাবের কথা বলছেন। এমনকী কংগ্রেসকে পাকিস্তানে বি-টিমও বলেছেন ভাণ্ডারি। তিনি বলেন, অপারেশন সিঁদূরে, কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল।
অপারেশন তিলক-এ, কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়াল। রাহুল গান্ধী হচ্ছেন আসিম মুনিরের প্রিয় বন্ধু। রাহুলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মনে হচ্ছে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসাধারণ জয় রাহুল গান্ধী ও পুরো কংগ্রেসকে কোমায় পাঠিয়ে দিয়েছে।




