
বাড়ি ছেড়ে অনেক দূরে, তারপরেও দুর্গাপুজোয় এতটুকু আনন্দে খামতি নেই প্রবাসে। দিল্লি, মুম্বই থেকে লন্ডন, আমেরিকা কিংবা জার্মানি। শারদোৎসবে সামিল আপামর বাঙালি।
অষ্টমীর সকালে মুম্বইয়ে বাড়ির পুজোয় সকাল সকাল হাজির হয়েছেন কাজল-রানি। অষ্টমীর অঞ্জলির সঙ্গেই আত্মীয়-পরিচিতদের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে তাঁদেরকে। পুজোর শুরু থেকেই দুই বোন রোজই বাড়ির পুজোয় অন্যান্যদের সঙ্গে সামিল হয়েছেন। মুখার্জি বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন জয়া বচ্চনও। মুখার্জি বাড়ির পুজোয় নজর কেড়েছেন রণবীর কাপুর।
দেশ ছাড়িয়ে বিদেশেও দেবী দুর্গার আরাধনায় সামিল হয়েছেন বাঙালিরা। লন্ডন থেকে নিউইয়র্ক, কিংবা নিউজার্সি থেকে টরন্টো। সর্বত্র একই ছবি। রীতি মেনে দুর্গাপুজো পালিত হয়েছে লন্ডনের স্লাউয়ে। সপ্তম বর্ষের এই পুজোর থিম চায়ের দোকান। কাঠের বেঞ্চ, কাগজের কাপ আর ধোঁয়া ওঠা চায়ের কাপে আড্ডায় ফিরেছে বাংলার পাড়ার মোড়ের পরিবেশ।









