
বিষাক্ত কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। মধ্যপ্রদেশে সবমিলিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। সমগ্র মধ্যপ্রদেশে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ তৈরির কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। তাই রাজ্য সরকার তামিলনাড়ু সরকারকে তদন্তের জন্য আর্জি জানিয়েছে।
গত শনিবার সকালে রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, সিরাপ প্রেসক্রাইব করার জেরে গ্রেফতার করা হয়েছে প্রবীণ সোনি নামে এক চিকিৎসককে। শনিবারই এফআইআর দায়ের হয়েছিল ডাঃ সোনির বিরুদ্ধে। সেই সঙ্গেই কাফ সিরাপটির নির্মাতা প্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
