
অভিনেত্রীকে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক ভয় দেখানোর মামলায় বেঙ্গালুরুতে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা বিআই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে রাজাজিনগর পুলিশ।
বর্তমানে তদন্ত জারি থাকায় বিচার বিভাগীয় কারাগারে রাখা হয়েছে অভিনেতাকে।জানা গেছে, অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।তখন অভিনেত্রীকে, থ্রি নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দু’ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।এরপর ওই অভিনেত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির সময় ৬০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয় অভিনেত্রীকে।এ ঘটনায় ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিনেতা হেমন্ত শুটিং বেশ বিলম্ব করেছিলেন এবং তাকে খোলামেলা পোশাক পরতে ও অশ্লীল দৃশ্য করতে জোর করেন এবং হয়রানি শুরু করেন। একইসঙ্গে শুটিংয়ের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অভিযোগ,এসব যখন মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেত্রী,তখন তাকে হুমকি দেওয়া হয়েছে। ফিল্ম চেম্বারের মধ্যস্থতায় শুটিং শেষ করার পরও তাকে হয়রানি ও ভয় দেখানো অব্যাহত রাখেন হেমন্ত।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে মুম্বাইয়ে একটি প্রোমোশনাল অনুষ্ঠানে তার পানীয়তে মদ মিশিয়ে ছিলেন হেমন্ত। তারপর মদ্যপ অবস্থায় ছবি তুলেন ও ভিডিও করেন।যা পরবর্তীতে ব্যবহার করে ব্ল্যাকমেল করেন অভিনেতা। এসব কাজে অস্বীকৃতি জানানোয় অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় এবং গুন্ডা দিয়ে তাড়া করা হয়।
এমনকি তার মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।এ ছাড়া এ অভিনেতার বিরুদ্ধে সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়া সিনেমাটি সম্পাদনা এবং সেন্সরবিহীন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া এবং জনসমক্ষে মানহানির অভিযোগ রয়েছে।
