
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি মাত্র ছ’ সপ্তাহ। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য বড় দুঃসংবাদ দলের অধিনায়ক এবং সেরা পেসার প্যাট কামিন্সের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের শুরুর দিকের ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।
এমনকি পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে এই স্পিড স্টারের।বলা হয়েছে, কামিন্সের পিঠের হাড়ে স্ট্রেস সমস্যা থাকলেও সেটি এখনো পুরোপুরি সারেনি। তিনি এখনও বোলিংয়ের জন্য তৈরি নন। যদিও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি কামিন্সকে অ্যাশেজের দলে রাখবে কি না। প্রথম টেস্টে তিনি খেলবেন কি না, বা পুরো সিরিজ থেকেই ছিটকে যাবেন কি না সবই এখন সময়ের ওপর নির্ভর করছে।গত মাসে কামিন্স নিজেই জানিয়েছিলেন, অ্যাশেজের শুরু থেকেই খেলতে চান, প্রয়োজনে ঝুঁকি নিতেও প্রস্তুত। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা সেই ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।এদিকে আগামী ২১ অক্টোবর পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজ। পঞ্চম ও শেষ টেস্টটি হবে ৪ জানুয়ারি, সিডনিতে। এর আগে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি কামিন্স।
সেখান থেকেই শুরু হয় পিঠের ব্যথা। প্রথমে তা গুরুতর মনে না হলেও পরে স্ক্যান করে দেখা যায়, তার হাড়ে স্ট্রেস তৈরি হয়েছে। যদিও সেটি স্ট্রেস ফ্র্যাকচার নয়, তবে অল্প অনিয়মেই তা মারাত্মক রূপ নিতে পারে।








