ইসরায়েলকে উড়িয়ে দিল ইতালি

0
121
ছবি সৌজন্যে : এক্স

মাতেও রেতেগুইয়ের ঝলমলে পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপ বাছাইপর্বে আরো একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ইতালি। ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে জেনারো গাত্তুসোর দল নিশ্চিত করেছে অন্তত প্লে-অফের স্থান।আগের দেখায় দু’ দল খেলেছিল গোলের উৎসবমুখর ম্যাচ, কিন্তু এবার ইতালি ছিল অনেক বেশি শৃঙ্খলিত ও পরিণত।

যদিও খেলার শুরুতে কিছুটা চাপ সামলাতে হয় দোন্নারুম্মাদের।ইসরায়েলের অস্কার গ্লউখ ও মানোর সলোমন বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি।বিরতির ঠিক আগে আসে ইতালির কাঙ্ক্ষিত গোল। বক্সে রেতেগুইকে ফাউল করলে রেফারি নির্দেশ দেন পেনাল্টির, আর নিজেই নিখুঁতভাবে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।দ্বিতীয়ার্ধে ইতালি আরো আক্রমণাত্মক হয়ে ওঠে।৭৪ মিনিটে রেতেগুই আবারও স্কোরশিটে নাম তোলেন,নিজের দখল নেওয়া বল কেটে ভেতরে ঢুকে বাঁ পায়ের চমৎকার শটে বল জালে পাঠান।শেষ মুহূর্তে ফেদেরিকো দিমারকোর ক্রস থেকে জিয়ানলুকা মানচিনি দলের তৃতীয় গোল করলে নিশ্চিত হয় ইতালির বড় জয়।

এই জয়ের ফলে গ্রুপ আই-য়ে নরওয়ের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি, হাতে এখনো দু’ ম্যাচ।এই জয়ে গাত্তুসো প্রথম চার ম্যাচে টানা জয় পাওয়া ইতালির পঞ্চম কোচ হয়ে যান।