
সারদা মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্বস্তি পেয়েছেন ডিজিপি। তাঁর আগাম জামিন বহাল থাকছে।
তবে রাজীবের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা ছিল, তা বাতিল হয়নি। ওই মামলার উপরে তাঁর আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে। ৮ সপ্তাহ পরে এই মামলা আবার শুনবে শীর্ষ আদালত। সারদাকাণ্ডে ছ’বছর আগে আইপিএস অফিসার রাজীবকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের ছ’বছরের পুরনো মামলা গত সোমবারই সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেছিলেন, এর সঙ্গে সিবিআই-তদন্তে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি একসঙ্গে হোক।
ওই মামলাও ছ’বছর ধরে ঝুলে রয়েছে। শুক্রবার তার শুনানি ছিল। সিবিআইয়ের আবেদন বাতিল করে রাজীবের আগাম জামিন বহাল রেখেছে শীর্ষ আদালত। রাজীবের মামলা নিয়ে শুক্রবার সলিসিটর জেনারেল বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআইয়ের অফিসারদের হেনস্থা করা হয়েছিল। মহিলা অফিসারদেরও ছাড়া হয়নি।
