ওড়িশার ময়ূরভঞ্জে ২ আদিবাসী কিশোরীকে গণধর্ষণ

0
157
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে এবার গণধর্ষণের শিকার হয়েছেন দুই আদিবাসী কিশোরী। ওড়িশার ময়ূরভঞ্জের ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল বুধবার রাতের। শুক্রবার থানায় অভিযোগ জানানোর পর তা প্রকাশ্যে এসেছে। অভিযোগপত্রে জানানো হয়েছে, বুধবার রাতে মোট চার কিশোর-কিশোরী স্থানীয় একটি যাত্রার আসর থেকে বাড়ি ফিরছিল। দুই কিশোরীর বয়স যথাক্রমে ১৩ এবং ১৪ বছর। তাদের সঙ্গে থাকা দুই কিশোরের বয়সও ১৪ থেকে ১৫ বছর। তারা সকলে একটি বাইকে ছিল। হঠাৎ জনা কয়েক যুবক তাদের রাস্তা আটকান। বাইক থামাতেই দুই কিশোরকে ধমক দেন তাঁরা। তাঁরা বাড়ি ফিরতে চাইলে মারধর করা হয়। এর পর দুই কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে। সেখানে তাদের ধর্ষণ করেন অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবক। শুক্রবার রাসগোবিন্দপুর থানায় গণধর্ষণের অভিযোগ করে দুই নাবালিকার পরিবার। জানানো হয়, মোট পাঁচ জন মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে পালান।
অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে এ পর্যন্ত তিন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে।