
ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হবে মান্থা।
প্রবল আকারেই মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। এদিকে মান্থার ভ্রুকুটির জেরে সকাল থেকেই বকখালি, গঙ্গাসাগর সহ বিভিন্ন প্রান্তে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাবে আগামী ২৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে পর্যটকদের ফিরে যেতে বলা হয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং প্রচার শুরু করেছেন।
অন্যদিকে প্রচার শুরু হয়েছে নামখানা থানার পক্ষ থেকে। মৎস্যজীবীদের অবিলম্বে নিরাপদ স্থানে বা উপকূলে ফিরে আসার কথা বলা হচ্ছে। একইসঙ্গে, সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।





