
এসআইআর-এর সময় ভোটার তালিকায় কোনও ভোটার বা তাঁর বাবা-মায়ের নাম থাকলে দিতে হবে না কোনও কাগজ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক এসআইআর ফেজ টু এর শুরুর ঘোষণার সময় একথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি বলেছেন, এসআইআর এর সময় আধিকারিকরা সবার প্রথমে এনুমারেশন ফর্ম প্রিন্ট করবেন। তারপর তা বিএলও-রা ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেবেন। সেই এনুমারেশন ফর্ম-র ভিত্তিতে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণের সুবিধাও রয়েছে। যারা কোনও কারণে বাড়িতে থাকবেন না বা কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন, তাঁরা নিজেদের রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন জ্ঞানেশ কুমার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
