
শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছাকাছি কোথাও আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
এই অঞ্চলের মধ্যে রয়েছে বিশাখাপত্তনম শহরও। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কোনাসীমা জেলার নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ওড়িশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর প্রশাসনও। সাবধানতার কারণে বাতিল রাখা হয়েছে অন্ধ্র উপকূল সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করা বেশ কিছু প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেনও। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে মান্থা। ওই সময়ে ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
সোমবার রাতে মছলিপত্তনম থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে, কাকিনাড়া থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
