
অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের ক্যাবিনেট। যার ফলে মাসিক বেতন বাড়তে চলেছে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর।
বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-কে অষ্টম পে কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে। প্রায় ১৮ মাস পর নিজেদের রিপোর্ট জমা দেবে এই কমিশন, মঙ্গলবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি বছরের জানুয়ারিতেই এই অষ্টম পে কমিশন গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছিল কেন্দ্র। এর ফলে প্রায় ৬৯ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে। বিচারপতি দেশাই এর পাশাপাশি অধ্যাপক পুলক ঘোষ, এবং পঙ্কজ জৈন ও থাকবেন কমিশনের সদস্য হিসাবে।
উল্লেখ্য, প্রতি দশ বছর অন্তর পে কমিশন গঠন করে থাকে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২০১৬ সালের পয়লা জানুয়ারি।
