
মান্থার রেশ মঙ্গলবার দুপুর থেকেই পড়তে শুরু করেছে এরাজ্যে। হাওয়ার দাপটে চন্দননগরে ভেঙে পড়েছে জগদ্ধাত্রীপুজো প্যাণ্ডেল, তমলুকে বাঁশের তোরণ।
হুগলির চন্দননগরে হাওয়ার দাপটে হঠাৎ করেই ভেঙে পড়ে কানাইলালপল্লির পুজোমণ্ডপ। এবার তাদের চমক ছিল ৭০ ফুটের মণ্ডপ। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী। খুব বেশি উচ্চতা হওয়ায় দমকা হাওয়াতেই মণ্ডপটি উল্টে পড়ে। জখম হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের তমলুকেও কালীপুজোর সময় তৈরি তোরণ উল্টে পড়েছে। যদিও সেখানে কেউ হতাহত হননি। এদিকে মঙ্গলবার দুপুর থেকেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বিক্ষিপ্ত তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল হাওয়ার দাপট। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
৩১ তারিখ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ২৯ তারিখ থেকে ৩১ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে।
