অসমে দেশদ্রোহিতার মামলা, বিপাকে কংগ্রেস নেতারা

0
111
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া দেশদ্রোহের শামিল বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শ্রীভূমির কংগ্রেসিদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, অপরাধী নেতাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, অসমের করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেস সেবাদলের বৈঠকে স্থানীয় এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটি পরিবেশন করেন। এই গান বাংলাদেশের জাতীয় সংগীত। ১৯ সেকেন্ডের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপিশাসিত আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংঘল। সেই পোস্টে তিনি লেখেন, কংগ্রেসের সভায় সেই দেশের জাতীয় সংগীত গাওয়া হচ্ছে, যারা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়।

অশোক সিংঘলের আরও অভিযোগ, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করে। সেই রাজনীতির মধ্য দিয়ে তারা অসমের জনবিন্যাসের বদল ঘটাতে চায়। তাই তারা কয়েক দশক ধরে অনুপ্রবেশে মদত দিয়ে আসছে। তাঁর অভিযোগ, কংগ্রেস বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চাইছে। এরপরেই মন্ত্রিসভার বৈঠকের পর হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে দেশদ্রোহের অভিযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।