
ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। জানা গিয়েছে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে যাত্রীদের। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে খবর আসে ট্রেনে হামলা হয়েছে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, কেমব্রিজশায়ারের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। ১০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল। অত্যন্ত ব্যস্তবহুল ট্রেনপথ এটি। হামলাকারীরা সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন বলে সন্দেহ পুলিশের।
