বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-র কাজ শুরু বিএলওদের

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব

মঙ্গলবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর শুরু করেছেন বিএলওরা। পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল ২০০২এ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের শুরু এই প্রক্রিয়া।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা। কলকাতা সহ জেলায় জেলায় ভোটারদের তথ্যসংগ্রহ করছেন তাঁরা। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা ব্যবস্থা করেছে কমিশন। তবে এখনই এই প্রক্রিয়া শুরু হচ্ছে না। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে এসআইআর ম্যাপিং-র কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে ৮০ হাজার ৬৮১ জন বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত আরও ১৪ হাজার কর্মী। এরাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা সাড়ে ৭ কোটিরও বেশি। এনুমারেশন ফর্ম পূরণের জন্য তিন-চারবার পর্যন্ত বিএলওরা বাড়িতে যাবেন। মঙ্গলবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় প্রতিটি বাড়িতে অন্তত একাধিকবার যাবেন বিএলওরা। এনুমারেশন ফর্মে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, এপিক নম্বর লিখতে হবে। এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সেক্ষেত্রে ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো হবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।