
এসআইআর শুরুর দিনেই হাওড়ার জগাছায় বাধার মুখে পড়েছেন বিএলওরা। পরিচয়পত্র দেখাতে না পারায় বিএলওকে কাজ করতে বাধা দেন হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথের বাসিন্দারা।
মঙ্গলবার বাগনান খালোড় কবিগুরু বিশায়তনের শিক্ষিকা অনুপমা দাস বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছিলেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কয়েকজন তাঁর পরিচয়পত্র দেখতে চান। অনুপমা দাস জানিয়েছেন সোমবার পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিস থেকে তাদের কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে পরিচয়পত্র দেখানো সম্ভব নয়।
তবে তিনি মোবাইলে কমিশনের দেওয়ার চিঠি অন্যান্য কাগজপত্র দেখালেও মানুষজন তা মানতে চান নি। এরপরেই স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় জগাছা থানার পুলিশ। যদিও কাজ না করেই এলাকা ছাড়েন শিক্ষিকা।





