
ইংরেজদের বিরুদ্ধে তখন উত্তাল গোটা দেশ। ক্রোধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আর তাতে ঘি ঢালছে একটা গান, বন্দে মাতরম।
৭ নভেম্বর, শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে সেই গানের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ করেছেন স্মারক ডাকটিকিট এবং মুদ্রা। বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরভর চলবে নানা অনুষ্ঠান। ইতিমধ্যেই ৭ নভেম্বর থেকে তা শুরু হয়ে গিয়েছে। চলবে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার রাতেই X পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, ঐতিহাসিক দিন। বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি উদযাপন করছে ভারত। এ এক অনন্ত প্রেরণার ডাক। প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমের অমোঘ চেতনায় উজ্জীবিত করে চলেছে। উল্লেখ্য, ১৮৭৫ সালে নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বন্দে মাতরম গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
দিনটি ছিল অক্ষয় নবমী। ইংরেজির ৭ নভেম্বর। পরে আনন্দমঠ উপন্যাসে গানটিকে জুড়ে দেন লেখক। ১৮৮২ সালে বঙ্গদর্শন পত্রিকায় তা ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ক্রমে ক্রমে এই গানই হয়ে ওঠে স্বাধীনতার মন্ত্র।






