
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি লঞ্চ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
তাদেরই একটি বাণিজ্যিক ভিডিওতে অংশ নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা।দৃশ্যপটে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, অবসর নেওয়া বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আনহেল ডি মারিয়া এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া।যেখানে তাদের অস্পষ্ট একটি বিষয়ে কথা বলতে দেখা যায়।পুরো ভিডিওজুড়ে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেসদের দুয়েক শব্দে কথা বলতে দেখা গিয়েছে। এএফএ ওই ভিডিও’র ক্যাপশনে লিখেছে,সবচেয়ে সুখের মুহূর্ত আসছে, আমি চার নম্বর চাই। কাতার বিশ্বকাপ দিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছে আলবিসেলেস্তেরা।ফলে আসন্ন ২০২৬ আসর হবে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন।
ভিডিও’র শেষদিকে কার্ড খেলতে খেলতে এএফএ সভাপতি তাপিয়াও একই কথা বলেছেন, আমি চার নম্বর চাই। তখন সামনে আসেন মেসি, নিজের হাতে কিছু কার্ড তুলে নিয়ে তিনি বলেছেন, আমিও চাই।








